খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

ভারত সরকার আনুষ্ঠানিকভাবে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে বাংলাদেশকে কিছুই জানায়নি বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, 'নোম্যান্স ল্যান্ড' বজায় রেখে ভারত যদি তাদের নিজস্ব সীমানার ভেতর কোনো পদক্ষেপ নিতে চায়, তবে সেটি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা করা হবে। মঙ্গলবার সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা কেন্দ্রিক আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য প্রদান করেন।
উল্লেখ্য যে, পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছিলেন যে, বিএসএফকে সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর করা হবে। এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের কোনো নির্দিষ্ট রাজ্যের নির্বাচনের ফল বা রাজনৈতিক দলের বক্তব্য তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে শুধুমাত্র ভারতের কেন্দ্রীয় সরকারের আনুষ্ঠানিক বার্তার ওপর গুরুত্ব দেয়। যেকোনো সিদ্ধান্ত কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নির্ধারিত হবে।
সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে সালাহউদ্দিন আহমদ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান কাজ হচ্ছে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধ করা। এজন্য বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতার বিষয়ে তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক পুরোনো ছবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে; নির্যাতনের কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো আমাদের কাছে আসেনি।

বাজারে পণ্যের উচ্চমূল্যের পেছনে চাঁদাবাজির অভিযোগ নিয়ে মন্ত্রী বলেন, যদি সুনির্দিষ্ট তথ্য বা তালিকা দেওয়া হয়, তবে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে। গত ৩০ এপ্রিল থেকে দেশজুড়ে মাদক, অবৈধ অস্ত্রধারী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে এবং পুলিশ সদর দপ্তর নিয়মিত এই অভিযানের তদারকি করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদুল আজহার আগে ও পরে মোট ১৪ দিন পুলিশ সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল চালু থাকবে। এই সময়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌপরিবহনসহ সংশ্লিষ্ট সকল জরুরি সেবার হটলাইনগুলো সক্রিয় রাখা হবে যাতে সাধারণ মানুষ দ্রুত সহায়তা পায়।
পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো পরিশোধের জন্য সংশ্লিষ্ট মালিক ও ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী। পাশাপাশি কোরবানির পশুর চামড়ার সঠিক দাম নিশ্চিত করতে এবং চামড়া সংরক্ষণে লবণ ব্যবহারের বিষয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার না হতে পারে, সে ব্যাপারেও কঠোর নজরদারি থাকবে বলে তিনি জানান। উক্ত সভায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন




