খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

পাবনার রূপপুরে নির্মিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি প্রবেশ করানো আজ মঙ্গলবার শেষ হয়েছে। এটি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের আগে চূড়ান্ত পর্যায়। ধীরে ধীরে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। আশা করা হচ্ছে, আগামী আগস্ট নাগাদ জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী ঠিকাদার সংস্থার পক্ষ থেকে আজ একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের চুল্লিতে সফলভাবে পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে। গত ২৮ এপ্রিল থেকে জ্বালানি প্রবেশ করানো শুরু হয় এবং এ পর্যন্ত মোট ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি চুল্লিতে স্থাপন করা হয়েছে। বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরুর পথে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন।
রূপপুর প্রকল্পের পরিচালক এবং অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি বলেন, এই কাজে প্রাথমিক কোর লোডিং পরিকল্পনা, পরিচালন বিধিমালা এবং আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড অত্যন্ত সতর্কতার সাথে অনুসরণ করা হয়েছে। এরপর চুল্লির উপরের অংশ স্থাপন এবং প্রয়োজনীয় ইন-কোর ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম যুক্ত করা হবে। এরপর সকল প্রযুক্তিগত ব্যবস্থার নির্ভরযোগ্য ও নিরাপদ কার্যক্রম নিশ্চিত করার জন্য বহুবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শীঘ্রই চুল্লিটিকে ন্যূনতম বিদ্যুৎ উৎপাদন স্তরে নিয়ে আসার পর ধাপে ধাপে এর ক্ষমতা বৃদ্ধি করা হবে। এই প্রক্রিয়াগুলো প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু এবং পরীক্ষামূলক বাণিজ্যিক পরিচালনার পথ সুগম করবে।
দেশের ইতিহাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অন্যতম বৃহৎ একটি একক প্রকল্প। এটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে পরমাণু শক্তি কমিশন বাস্তবায়ন করছে। এই প্রকল্পের অধীনে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট ১,২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন




