
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ফিলিপাইনের মারাত্মক মাদক নির্মূল অভিযানে জড়িত থাকার অভিযোগে এক সিনেটরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রকাশ করার পর তিনি দেশটির সংসদ ভবনে আশ্রয় গ্রহণ করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যম সোমবার রোনাল্ড ডেলা রোজাকে সিনেট ভবনে দ্রুত প্রবেশ করতে দেখেছে, যখন পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তারের জন্য খুঁজছিল।
গত নভেম্বর মাস থেকে গোপন থাকা এই পরোয়ানা জারি করা হয়েছে প্রাক্তন পুলিশ প্রধানের বিরুদ্ধে, কারণ প্রসিকিউটররা বলছেন যে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রাক্তন প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মাদকবিরোধী অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং তিনি এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
সোমবার সন্ধ্যায় আইসিসি ঘোষণা করেছে যে, ডেলা রোজার বিরুদ্ধে ৬ নভেম্বর গোপনে এই পরোয়ানা জারি করা হয়েছিল। পরোয়ানায় তাকে 'পরোক্ষভাবে মানবতাবিরোধী হত্যা অপরাধের সহ-অপরাধী' হিসাবে অভিযুক্ত করা হয়েছে।
প্রাক্তন এই পুলিশ প্রধানের বিরুদ্ধে ২০১৬ সালের জুলাই থেকে ২০১৮ সালের এপ্রিলের মধ্যে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর জন্য জবাবদিহিতার অভিযোগ আনা হয়েছে।
পালিয়ে যাওয়া
দুতের্তের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, প্রেসিডেন্ট থাকাকালে তিনি সন্দেহভাজন মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের হত্যার উদ্দেশ্যে ডেথ স্কোয়াড গঠন, অর্থায়ন এবং তাদের অস্ত্র সরবরাহ করেছিলেন।
প্রাক্তন এই রাষ্ট্রপ্রধানকে আইসিসি ২০২৫ সালের মার্চ মাসে গ্রেপ্তার করে হেগে নিয়ে যায়। চলতি বছরের এপ্রিলে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগগুলো প্রমাণিত হয়।
আইসিসি এই মামলায় মোট আটজন সহ-অপরাধীর নাম প্রকাশ করেছে, যার মধ্যে ডেলা রোসাও রয়েছেন। ডেলা রোসা মাদক নির্মূল অভিযানের চরম পর্যায়ে ফিলিপাইন ন্যাশনাল পুলিশের প্রধানের দায়িত্বে ছিলেন এবং মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী, তার তত্ত্বাবধানে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

নভেম্বরে তার বিরুদ্ধে পরোয়ানা জারির গুঞ্জনের কারণে ডেলা রোসাকে কিছুদিন জনসমক্ষে দেখা যায়নি। কিন্তু, সোমবার তিনি দুতের্তের ঘনিষ্ঠ মিত্র অ্যালান পিটার কায়েতানোর নেতৃত্বে সিনেটের ক্ষমতা দখলের এক গুরুত্বপূর্ণ ভোটে সিদ্ধান্তমূলক ভূমিকা রাখতে পুনরায় জনসম্মুখে আসেন।
কিন্তু, সংসদ ভবনে প্রবেশ করা মাত্রই তিনি দেখেন জাতীয় তদন্ত ব্যুরোর (এনবিআই) এজেন্টরা তার অপেক্ষায় ছিল। স্থানীয় মিডিয়ার ভিডিও ফুটেজে দেখা গেছে, তিনি দ্রুত ভবনের করিডোর দিয়ে ছুটে পালাচ্ছেন।
কায়েতানো তাৎক্ষণিকভাবে সিনেট ভবন 'লকডাউন' ঘোষণা করেন এবং সংবাদমাধ্যমকে জানান যে, তিনি কেবলমাত্র ফিলিপাইনের কোনো আদালতের জারি করা গ্রেপ্তারি আদেশ মেনে চলবেন।
সোমবার সন্ধ্যার দিকে ডেলা রোসা ফেসবুক লাইভে এসে তার প্রতি সমর্থন চেয়েছিলেন।
তিনি আক্ষেপ করে বলেছিলেন, “তারা আমাকে হেগে নিয়ে যেতে চাইছে। আমি তো ফিলিপাইনের জাতীয় পুলিশ প্রধান হয়েছিলাম দেশের জন্য কাজ করতে, আর এখন আমাকে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে?”
তথ্যসূত্র: আল-জাজিরা