খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

ইরান-ইসরায়েল উত্তেজনার ফলে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ চেইন বিঘ্নিত হওয়া সত্ত্বেও এপ্রিলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা উন্নতির দেখা মিলেছে। যদিও নির্মাণ ও সেবা খাত এখনো চাপে রয়েছে, তবে কৃষি ও উৎপাদন খাতের জোরালো পারফরম্যান্স সামগ্রিক অর্থনীতিকে ইতিবাচক ধারায় রাখতে সহায়তা করেছে।
দেশের অর্থনীতির বর্তমান অবস্থার চিত্র উঠে আসে ‘পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স’ (পিএমআই) সূচকের মাধ্যমে। বিগত এক বছর ধরে দেশের অর্থনীতির গতিপ্রকৃতি ছিল বেশ অস্থির।
সর্বশেষ এপ্রিল মাসে পিএমআই সূচক ১.১ পয়েন্ট বেড়ে ৫৪.৬-এ দাঁড়িয়েছে, যা আগের মাসে ছিল ৫৩.৫। উল্লেখ্য, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সূচকটি যথাক্রমে ৫৩.৯ এবং ৫৫.৭ পয়েন্টে অবস্থান করছিল।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথ উদ্যোগে এই পিএমআই প্রতিবেদনটি তৈরি করেছে, যা বৃহস্পতিবার প্রকাশ করা হয়।
দেশের অর্থনীতিকে সচল রাখতে কৃষি, নির্মাণ, উৎপাদন ও সেবা খাতের ৪০০টি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে এই সূচক নির্ণয় করা হয়। কাঁচামাল সংগ্রহ, নতুন ক্রয়াদেশ ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ সূচকগুলো এখানে বিবেচনায় নেওয়া হয়। পিএমআই মান ০ থেকে ১০০-এর স্কেলে পরিমাপ করা হয়; যেখানে ৫০-এর ওপর মান অর্থনীতির সম্প্রসারণ এবং ৫০-এর নিচে মান সংকোচন নির্দেশ করে।
উৎপাদন খাত মার্চে কিছুটা সংকোচনে থাকলেও এপ্রিলে ঘুরে দাঁড়িয়েছে, যেখানে সূচকটি বেড়ে দাঁড়িয়েছে ৫৬.৯ (আগের মাসে ছিল ৪৯.৭)। কারখানায় উৎপাদন বৃদ্ধি, কাঁচামাল সংগ্রহ এবং রপ্তানি আদেশ বাড়ায় খাতটি আবারও সম্প্রসারণের পথে ফিরেছে।
এদিকে কৃষি ব্যবসা খাত টানা আট মাস ধরে প্রবৃদ্ধির ধারা ধরে রেখেছে। এপ্রিলে এ খাতের সূচক ছিল ৭০.৭, যা মার্চের ৫১.৬ থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। ব্যবসায়িক কার্যক্রম ও কর্মসংস্থান বৃদ্ধিতে এ খাত বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে।
অন্যদিকে, নির্মাণ খাত এখনো সংকোচন থেকে বের হতে পারেনি; এপ্রিল মাসে এর সূচক ছিল ৪৪.৬ (মার্চে ছিল ৪৯.২)। সেবা খাতের সূচকও কিছুটা কমে এপ্রিলে ৫১.৮-এ নেমে এসেছে, যা আগের মাসে ৫৬.৪ ছিল।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ জানান, ‘এপ্রিলের পিএমআই তথ্য বলছে, বাংলাদেশ এখনো অর্থনৈতিক সম্প্রসারণের পথেই আছে। যদিও নির্মাণ খাতে মন্দা বিদ্যমান, তবুও কৃষি ও উৎপাদন খাতের ইতিবাচক সাড়া আশাব্যঞ্জক। ভূ-রাজনৈতিক সংকটে জ্বালানি তেলের দাম ও মূল্যস্ফীতি সত্ত্বেও ব্যবসায়ীদের ভবিষ্যৎ আস্থা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রমাণ করে যে, স্বল্পমেয়াদে দেশের অর্থনীতি স্থিতিশীল থাকবে।’
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন








