খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

ইন্টারনেট ব্যবহার করার সময় ‘আই অ্যাম নট আ রোবট’ লেখা সম্বলিত ক্যাপচা বক্স আমাদের সবারই খুব পরিচিত। ব্যবহারকারী মানুষ না কি কোনো যন্ত্র, তা নিশ্চিত করতেই এই পদ্ধতির ব্যবহার করা হয়। তবে মানুষ যেহেতু এটি নিয়মিত দেখে অভ্যস্ত, তাই অনেকেই কোনো সতর্কতা ছাড়াই এখানে ক্লিক করে থাকেন। ব্যবহারকারীদের এই অসতর্কতাকে পুঁজি করে কম্পিউটারে ম্যালওয়্যার প্রবেশের অভিনব ফাঁদ পাতা হচ্ছে বলে সতর্ক করেছে অস্ট্রেলিয়ান সাইবার সিকিউরিটি সেন্টার (এসিএসসি)।
সংস্থাটির রিপোর্ট অনুযায়ী, হ্যাকাররা বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট দখল করে সেখানে ভুয়া ক্যাপচা ও ব্রাউজার ভেরিফিকেশনের বার্তা প্রদর্শন করছে। এর মাধ্যমে মূলত ‘ভিডার স্টিলার’ নামক একটি ক্ষতিকর সফটওয়্যার ব্যবহারকারীর ডিভাইসে প্রবেশ করানো হচ্ছে। ব্যবহারকারী যখন ভুয়া ক্যাপচার নির্দেশনা অনুযায়ী কোনো পাওয়ারশেল কমান্ড কম্পিউটারে রান করেন, তখন থেকেই এটি গোপনে তথ্য হাতিয়ে নেওয়া শুরু করে। ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় এমন হামলার খবর পাওয়া গেছে।
এই ভিডার স্টিলার ম্যালওয়্যারটি ব্রাউজারের পাসওয়ার্ড, কুকিজ এবং ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের মতো স্পর্শকাতর তথ্য চুরি করতে পারে। এটি এতটাই সুকৌশলে তৈরি যে, কম্পিউটারে ঢোকার পর নিজের এক্সিকিউটেবল ফাইল মুছে ফেলে সরাসরি মেমোরি থেকে কাজ চালায়। ফলে অনেক সময় নিরাপত্তা সফটওয়্যারের পক্ষেও এই ম্যালওয়্যার শনাক্ত করা দুঃসাধ্য হয়ে পড়ে।
উল্লেখ্য যে, ভিডার স্টিলার প্রথম ২০১৮ সালের শেষভাগে শনাক্ত করা হয়েছিল। সস্তায় পাওয়া যায় এবং ব্যবহার করা সহজ বলে এটি সাইবার অপরাধীদের কাছে বেশ জনপ্রিয়। ইতিপূর্বে উইন্ডোজের ভুয়া সমাধান, টিকটক ভিডিও এবং গিটহাবের মাধ্যমেও এই ম্যালওয়্যার ছড়ানোর চেষ্টা করা হয়েছে। সূত্র: ব্লিপিং কম্পিউটার
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন








