খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

ব্রাজিলে ফুটবল নিছক কোনো খেলা নয়, বরং এক তীব্র আবেগ। আর সেই আবেগের কেন্দ্রে নেইমার জুনিয়র থাকায় বিষয়টি মাঠ ছাড়িয়ে দেশটির পার্লামেন্টেও আলোচনার জন্ম দিয়েছে। আগামী ১৮ মে কার্লো আনচেলত্তির চূড়ান্ত দল ঘোষণার কথা রয়েছে। ঠিক তার এক সপ্তাহ আগে নেইমারকে দলে ফেরানোর জোর দাবি তুলেছেন ব্রাজিলের এক সংসদ সদস্য।
ব্রাজিলিয়ান ফেডারেল ডেপুটি হেলিও লোপেস দেশটির ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছেন। তিন পৃষ্ঠার এই চিঠিতে তিনি নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে রাখার আবেদন জানিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, নেইমার কেবল একজন ফুটবলার নন, তিনি লাখো ভক্তের স্বপ্ন ও সৃজনশীলতার বাতিঘর।
লোপেস চিঠিতে স্পষ্ট করেছেন যে, তিনি কোচের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চান না, তবে নেইমারকে দলে পাওয়া কোটি কোটি ব্রাজিলিয়ানের হৃদয়ের আকাঙ্ক্ষা। বর্তমানে নিজের শৈশবের ক্লাব সান্তোসে খেললেও, ২০১৩ সালের সেই ক্ষিপ্র নেইমার আর ২০২৬ সালের নেইমারের মধ্যে শারীরিক সক্ষমতার পার্থক্য তৈরি হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে হাঁটুতে মারাত্মক চোট পাওয়ার পর থেকে জাতীয় দলের জার্সিতে তাকে আর দেখা যায়নি।

কৌতূহলের বিষয় হলো, নেইমারকে নিয়ে ব্রাজিলিয়ানদের আবেগ এখন রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে বিভক্ত। ‘দাতাফোলিয়া’র সাম্প্রতিক জরিপ অনুযায়ী, ব্রাজিলের ৫৩ শতাংশ মানুষ তাকে বিশ্বকাপে দেখতে চান। তবে এই হার সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকদের মধ্যে ৬২ শতাংশ এবং বর্তমান প্রেসিডেন্ট লুলার সমর্থকদের মধ্যে ৪৬ শতাংশ। উল্লেখ্য, ২০২২ সালে জইর বলসোনারোকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন নেইমার।
বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাওয়ার লড়াইয়ে কিছুটা এগিয়ে আছেন নেইমার। ব্রাজিলের সংবাদমাধ্যম জানাচ্ছে, কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের ৫৫ জনের প্রাথমিক স্কোয়াডে তাকে রেখেছেন। সান্তোসের হয়ে শেষ দুই ম্যাচে গোল পেয়ে নিজের ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা এই তারকা।

গত মাসে প্রেসিডেন্ট লুলা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, নেইমারের দলে ফেরার বিষয়টি নিয়ে আনচেলত্তির সাথে তাঁর আলাপ হয়েছে। লুলা জানান, তিনি কোচকে বলেছিলেন, নেইমার যদি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ থাকেন, তবে তার সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই।
চোট এবং ফিটনেস সংকটে প্রায় দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। সর্বশেষ তিনি ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে খেলেছিলেন। আনচেলত্তি অবশ্য বারবারই বলেছেন, ফিট থাকলে নেইমারের জন্য দলের দরজা খোলা।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন








