Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


আভিজাত্য ও সহনশীলতার প্রতীক চমৎকার উদ্ভিদ ‘জ্যাকুইনিয়া’

বিএনএন ডেস্ক

আপডেট: ৪৯ মিনিট আগে

Facebook
Twitter

Article Image

জ্যাকুইনিয়া হলো উদ্ভিদ জগতের এক বিস্ময়কর সৃষ্টি। চিরসবুজ এই ছোট বৃক্ষটি মূলত মধ্য আমেরিকা ও মেক্সিকোর আদি নিবাসী হলেও বর্তমানে আমাদের দেশেও এর পরিচিতি বাড়ছে। এর অদ্ভুত গঠন ও স্নিগ্ধ ঘ্রাণ একে অন্য গাছ থেকে স্বতন্ত্র করেছে। গত ১৮ এপ্রিল ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে আমি প্রথম এই উদ্ভিদের দেখা পাই। গাছটি বেশ ধীরগতিতে বৃদ্ধি পায় এবং এর ডালপালা চারদিকে ছড়িয়ে একটি সুন্দর গোল ঝোপের আকার ধারণ করে। এর গাঢ় সবুজ ও পুরু পাতাগুলো দেখতে অনেকটা বর্শার ফলার মতো তীক্ষ্ণ, যা রোদে ঝিলমিল করে বাগানকে প্রাণবন্ত করে তোলে।

এই উদ্ভিদের ফুলগুলো বেশ ক্ষুদ্রাকার, যার ব্যাস মাত্র ১ সেন্টিমিটার। তবে এর গঠন বেশ চমকপ্রদ; পাঁচটি পাপড়ির সঙ্গে পাঁচটি পাপড়িসদৃশ পুংকেশর থাকায় এটি দেখতে দশটি পাপড়ির ফুলের মতো মনে হয়। শুরুতে ফুলগুলো হলদে-কমলা রঙের থাকলেও পরে তা গাঢ় লাল বর্ণ ধারণ করে। জ্যাকুইনিয়ার ফুলগুলো সাধারণত পাতার আড়ালে থোকায় থোকায় ফুটে থাকে এবং দীর্ঘ সময় সতেজ থাকে। বৈজ্ঞানিকভাবে এটি Bonnelia monocarpa নামে পরিচিত, যা আগে Jacquinia macrocarpa নামে পরিচিত ছিল। এর ফলগুলো ফুলের তুলনায় বেশ বড় হয় এবং পাকলে আকর্ষণীয় কমলা বা লাল রঙ ধারণ করে।

কষ্টসহিষ্ণু এই গাছটি অত্যন্ত সহনশীল প্রকৃতির, তাই খুব একটা পরিচর্যার প্রয়োজন হয় না। শুষ্ক বা লবণাক্ত মাটিতেও এটি অবলীলায় বেড়ে উঠতে পারে। এর শক্ত পাতাগুলো পানি ধরে রাখতে সাহায্য করে, ফলে এটি উপকূলীয় অঞ্চলেও বেঁচে থাকতে পারে। কলম বা বীজের মাধ্যমে এই গাছের চারা তৈরি করা যায়। জ্যাকুইনিয়া কেবল শোভাবর্ধক গাছ হিসেবেই নয়, বরং ঘন পাতার বিন্যাসের কারণে এটি জীবন্ত বেড়া বা বনসাই তৈরির জন্যও আদর্শ। এর শুকনো ফুল ও পাতা দীর্ঘ সময় সুবাস ও আকৃতি ধরে রাখতে পারে বলে ঘর সাজানোর কাজেও এটি ব্যবহার করা হয়।

ল্যান্ডস্কেপিং বা আধুনিক বাগান সজ্জায় জ্যাকুইনিয়া একটি অনন্য নাম। ধীর গতির বৃদ্ধির ফলে একে ইচ্ছামতো আকৃতি দেওয়া সহজ, তাই এটি ছাদবাগান বা প্রবেশপথের জন্য অত্যন্ত উপযোগী। যারা বাগানে বৈচিত্র্য ও আভিজাত্য পছন্দ করেন, তাদের জন্য এটি একটি চমৎকার পছন্দ হতে পারে। প্রতিকূল পরিবেশে সৌন্দর্য বিলে দেওয়ার এক অনুপম উদাহরণ এই জ্যাকুইনিয়া।

  • চয়ন বিকাশ ভদ্র: বিভাগীয় প্রধান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com

সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।

স্বত্ব © BNN Breaking News (2026)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।