১৩ মে ২০২৬
preview
শিশুদের শতভাগ টিকাদানের বিকল্প নেই

বিএনএন ডেস্ক

হামে আক্রান্ত হয়ে ৪০০ শিশুর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। এর মধ্যে সব শিশুকে টিকার আওতায় আনতে না পারা প্রশাসনিক ব্যর্থতা এবং হাম ব্যবস্থাপনায় সমন্বয়হীনতারই প্রতিফলন। সঠিক মৃত্যুর সংখ্যা আড়াল করা স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীলতার অভাব নির্দেশ করে।

হাম-রুবেলা প্রতিরোধে ৫ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত দেশব্যাপী ক্যাম্পেইন চালানো হয়েছে। ১ কোটি ৮০ লাখেরও বেশি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও, ইউনিসেফের তথ্য অনুযায়ী শহর ও গ্রাম এলাকায় উল্লেখযোগ্যসংখ্যক শিশু এখনো টিকার বাইরে রয়ে গেছে।

বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে, বিশেষ করে রাজধানীর বস্তি ও ভাসমান জনগোষ্ঠীর শিশুদের বড় একটি অংশ টিকাদান কর্মসূচির সুফল পায়নি। হামের মতো প্রতিরোধযোগ্য রোগের এমন ভয়াবহ বিস্তার জনস্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাকেই সামনে এনেছে। সরকার ইতিমধ্যে মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে, তবে শুধু দায় নির্ধারণ করলেই হবে না, ভবিষ্যতে এমন সংকট এড়াতে দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, সংক্রমণ নিয়ন্ত্রণে অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকা দেওয়া প্রয়োজন। এখন পর্যন্ত টিকাদানের বাইরে থাকা শিশুদের খুঁজে বের করতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হলেও, মাঠপর্যায়ে নাগরিক সমাজ ও শিক্ষকদের সম্পৃক্ত করা গেলে শতভাগ সফলতা পাওয়া সম্ভব।

অন্তর্বর্তী সরকারের সময়োপযোগী সিদ্ধান্তে টিকা সংগ্রহ ও টিকাদান কর্মসূচি শুরু হলেও, চিকিৎসাব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব স্পষ্ট। জেলা পর্যায়ে আইসিইউ সংকট ও চিকিৎসা সরঞ্জামের অভাবে গুরুতর রোগীদের ঢাকায় স্থানান্তর করতে গিয়ে মৃত্যুর ঝুঁকি বাড়ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শের চেয়ে তাৎক্ষণিক সিদ্ধান্তের ওপর গুরুত্ব দেওয়ায় এই সমন্বয়হীনতা দেখা দিচ্ছে।

টিকা সংক্রান্ত সঠিক প্রচারণার অভাব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের ফলে অভিভাবকদের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে। এছাড়া ৬ মাস বয়সী শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েও অনেকের মনে সংশয় রয়েছে। এই দ্বিধা কাটিয়ে অভিভাবকদের উৎসাহিত করতে এবং জনসচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি।


সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।

ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com