১২ মে ২০২৬
preview
ওসি কথা না শুনলে বদলি করে দেওয়ার হুমকি

বিএনএন ডেস্ক

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বিরুদ্ধে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

গত রবিবার রাতে চকরিয়ার নিকটবর্তী লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ‘চেয়ারম্যান লেক’-এ আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মঙ্গলবার তাঁর বক্তব্যের ১১ মিনিট ৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

আঞ্চলিক ভাষায় দেওয়া বক্তব্যে এনামুল হক বলেন, ‘চকরিয়া থানা সবকিছু দেবে না। থানা থেকে আমাদের আদায় করে নিতে হবে। আমাদের নেতা স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা কয়লা বা পানিসম্পদমন্ত্রী বানাইনি, স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছি।’

এনামুল হক আরও বলেন, ‘ওসি যদি আমাদের কথা না শোনেন, তাহলে তাঁকে গাট্টি বেঁধে চলে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। একইভাবে ইউএনও কার্যালয়ের কোনো কর্মকর্তা যদি আমাদের কথা না শোনেন, তাহলে তাঁদেরও চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’

আরও উচ্চপদস্থ কর্মকর্তাদের উদ্দেশে এনামুল হক বলেন, ‘তাঁদের একটি নির্দিষ্ট সময়সীমা দিন। ১৫ দিনের মধ্যে কাজ না হলে মসজিদ থেকে খাটিয়া এনে শুইয়ে দেওয়া হবে। এরপর হয় আপনারা আমাদের অঞ্চল (আমিরবাদ) অথবা কক্সবাজার চলে যান। এখানে আপনাদের আর থাকতে দেওয়া হবে না।’

অনুষ্ঠানে চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক ফখরুদ্দীন ফরায়েজী, পৌরসভা বিএনপির সহসভাপতি গিয়াস উদ্দিন, সাবেক কাউন্সিলর নুরুল আমিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রসঙ্গে এনামুল হক বলেন, পিকনিক অনুষ্ঠানে দেওয়া তাঁর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি বলেন, ‘জনগণের স্বার্থে কিছু কথা বলেছি। যাঁরা জনগণের স্বার্থ দেখবেন না, তাঁদের এখানে থাকা উচিত হবে না—এ কথাই বলেছি। আমরা সরকারে আছি। আমাদের নেতা স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের বৈধ কাজ যদি তাঁরা করে না দেন, সে ক্ষেত্রে আঞ্চলিক ভাষায় কিছু কথা বলেছি। সেখানে কোনো সাংবাদিক ছিলেন না। আমি কী ভঙ্গিতে ও কী উদ্দেশ্যে কথাগুলো বলেছি, সাংবাদিক থাকলে বুঝতে পারতেন। আমার বক্তব্য নেতিবাচকভাবে নেওয়ার সুযোগ নেই।’

জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘তাঁর ভিডিও বক্তব্যটি আমি শুনিনি। কোন পরিপ্রেক্ষিতে তিনি ওসিকে নিয়ে এমন বক্তব্য দিয়েছেন, তা আমি জানি না। তবে ওনার সঙ্গে ওসি হিসেবে আমার সম্পর্ক খুবই ভালো। এখন পর্যন্ত অনৈতিক কোনো তদবির তিনি করেননি। বৈধ কোনো বিষয়ে পুলিশের সহযোগিতা চাইলে আমরা তা দিয়েছি।’


সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।

ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com