বিএনএন ডেস্ক
‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার নতুন গান ‘সরকে চুনর তেরি সরকে’ মুক্তির পর সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি সমালোচিত হন। গানের কথা ও নাচ অশ্লীল বলে অভিযোগ ওঠে। পরে গানটি সরিয়ে নেওয়া হয় এবং নোরা ও সঞ্জয় ভারতের জাতীয় নারী কমিশনে হাজিরা দিয়ে ক্ষমা চেয়েছেন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নোরা ফাতেহি ও হানি সিংয়ের নতুন গান ‘বডি রোল’ মুক্তি পায় এবং তা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। মুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ওঠে, গানটির ভিডিও নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘লাভ, ডেথ+রোবট’–এর ‘জিবারো’ পর্বের হুবহু অনুকরণ।
গত শনিবার ইউটিউবে প্রকাশিত ‘বডি রোল’ গানটি মুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যে ২০ লাখের বেশি ভিউ ছাড়িয়ে যায়। ইনস্টাগ্রামসহ অন্যান্য প্ল্যাটফর্মেও এর ক্লিপ ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, গয়নায় সাজানো এক রহস্যময়ী নারী হ্রদ থেকে উঠে এসে এক যোদ্ধাকে প্রলুব্ধ করার চেষ্টা করছেন। নোরা ফাতেহি স্বপ্নিল পরিবেশে, জঙ্গলের পটভূমিতে, ভারী গয়না এবং সোনালি পোশাকে হাজির হয়েছেন।

ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গেই অনেক দর্শক ‘লাভ, ডেথ+রোবট’–এর ‘জিবারো’ পর্বের সঙ্গে এর বিস্ময়কর মিল লক্ষ্য করেন। বিশেষ করে ভিডিওর শুরুর দৃশ্য, পোশাক, চরিত্রের সাজ এবং ক্যামেরার কোণ ‘জিবারো’র কথা মনে করিয়ে দেয় বলে অনেকে মন্তব্য করেছেন।
‘বডি রোল’-এর শুরুতে দেখা যায়, মধ্যযুগীয় পোশাক পরিহিত এক ব্যক্তি জঙ্গলের ভেতর দিয়ে ছুটে এসে হ্রদের জল পান করছে। তার শরীরে ট্যাটু এবং গায়ে গয়না রয়েছে। ঠিক তখনই হ্রদ থেকে সোনালি অলংকারে সজ্জিত এক নারী উঠে আসে। এরপর শুরু হয় নোরার নাচের অংশ।
অন্যদিকে, ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিবারো’ পর্বে দেখা যায়, অ্যামাজনের গভীর জঙ্গলে এক স্প্যানিশ যোদ্ধা এক রহস্যময়ী ‘সাইরেন’-এর মুখোমুখি হয়। সেই নারীও সোনালি অলংকারে ঢাকা এবং হ্রদ থেকে উঠে আসে। যোদ্ধার শরীরেও ছিল ট্যাটু ও ধাতব অলংকার। দর্শকেরা এই মিলগুলোকে ‘অস্বাভাবিক রকমের কাছাকাছি’ বলে মন্তব্য করছেন।
ইউটিউবের মন্তব্য বিভাগে বিতর্ক শুরু হয়েছে। একজন লিখেছেন, ‘এটা পুরোপুরি “জিবারো” ভাইব দিচ্ছে। তবে টুইস্টটা ভালো লেগেছে।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘ভিজ্যুয়াল পুরো “লাভ, ডেথ অ্যান্ড রোবটস” থেকে কপি করা।’ কেউ কেউ আরও কঠোর ভাষায় সমালোচনা করেছেন। একজন লিখেছেন, ‘যারা নকল করে, তারা কখনো মৌলিক কিছু তৈরি করতে পারে না।’
ইনস্টাগ্রামেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কনটেন্ট নির্মাতা ফিল্মি সোনিয়া নিজের অ্যাকাউন্টে দুটি ভিডিওর দৃশ্য পাশাপাশি রেখে একটি তুলনামূলক ভিডিও পোস্ট করেন। এরপর আরও বেশি প্রতিক্রিয়া আসে। একজন মন্তব্য করেন, ‘টিজার দেখেই মনে হয়েছিল এটা “জিবারো”। পরে বুঝলাম, এটা পুরোপুরি কপি।’
তবে সবাই সমালোচনা করেননি। কেউ কেউ বলছেন, এটি সরাসরি নকল নয়, বরং ‘অনুপ্রাণিত’ কাজ। যদিও সেই যুক্তি অনেকেই মানতে নারাজ। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর মতে, ‘বলিউডের নকল করার ইতিহাস রয়েছে। তাই এটাকে শুধু “ইনস্পায়ার্ড” বলা কঠিন। কোনো স্বীকৃতি ছাড়াই মূল শিল্পকর্ম এভাবে ব্যবহার করা হতাশাজনক।’
‘লাভ, ডেথ+রোবট’ নির্মাণ করেছিলেন টিম মিলার। প্রযুক্তি, হরর, ফ্যান্টাসি ও ডার্ক কমেডির মিশ্রণে তৈরি এই অ্যানিমেটেড অ্যান্থলজি সিরিজের প্রতিটি পর্ব ভিন্ন ভিন্ন গল্প নিয়ে নির্মিত। ‘জিবারো’ ছিল তৃতীয় মৌসুমের নবম পর্ব, যা পরিচালনা করেছিলেন আলবারতো মিলগো। ১৭ মিনিটের এই পর্বটি মুক্তি পাওয়ার পর সমালোচক ও দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।
তবে, নোরা ফাতেহি বা হানি সিং—কেউই এই বিতর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা থামার কোনো লক্ষণ নেই। অনেকেই প্রশ্ন তুলছেন, অনুপ্রেরণা এবং অনুকরণের মধ্যেকার সীমারেখা ঠিক কোথায়?
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com