বিএনএন ডেস্ক
হবিগঞ্জ থেকে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সকল প্রকার বাস পরিষেবা আপাতত স্থগিত রাখা হয়েছে। মৌলভীবাজারে একটি বাস আটকে দেওয়ার ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে পরিবহন মালিকরা এই ধর্মঘটের ডাক দিয়েছেন। ফলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ জানিয়েছে, মৌলভীবাজারে হবিগঞ্জ-সিলেট রুটের ‘বিরতিহীন’ বাস আটকে দেওয়ার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাংবাদিকদের সঙ্গে আলোচনা শেষে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী জানান, গত রবিবার সকাল থেকে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব এবং বাস মালিক সমিতির সভাপতি আবদুর রহিমের নেতৃত্বে শেরপুর এলাকায় হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসগুলো আটকে রাখা হচ্ছে। গত দুই দিনে প্রায় ৩৫ থেকে ৪০টি বাস আটক করা হয়েছে। এছাড়াও সেখানে প্রায় ২০০ শ্রমিক অনিরাপদ অবস্থায় রয়েছেন। তিনি আরও জানান, এই সমস্যার একটি সুরাহা না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
এ বিষয়ে আবদুর রহিমের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ব্যস্ত আছি, পরে কথা বলব।’
হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ বলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসকের সাথে সকালে কথা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আশা করা হচ্ছে, বিষয়টি শীঘ্রই সমাধান হবে।
হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম অসুবিধায় পড়েছেন। বাস টার্মিনালে এসে তারা জানতে পারছেন বাস চলছে না। অনেকে বাধ্য হয়ে সিএনজি বা অটোরিকশায় শায়েস্তাগঞ্জ পর্যন্ত গিয়ে সেখান থেকে অন্য পরিবহনে গন্তব্যে রওনা হচ্ছেন। অভিযোগ উঠেছে, এই সুযোগে কয়েকটি রুটে সিএনজি ও অটোরিকশার ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে।
সিলেটে যাওয়ার জন্য বেলা দুইটার দিকে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে এসে রাশেদুল ইসলাম জানতে পারেন, বাস চলাচল বন্ধ। তিনি বলেন, ‘হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ার কথা আমি জানতাম না। ফলে আর গন্তব্যে যাওয়া হলো না।’
মিনতি পাল (৬০) নামে এক নারী সিলেটে এক ডাক্তারের কাছে নির্দিষ্ট তারিখে দেখানোর জন্য ছেলেকে নিয়ে বেলা ১১টায় পৌর বাস টার্মিনালে আসেন, কিন্তু বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বাসমালিকদের নিজেদের বিবাদের কারণে আমাদের ভুগতে হচ্ছে। এভাবে হঠাৎ বাস চলাচল বন্ধ করা উচিত হয়নি।’
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com