১২ মে ২০২৬
preview
জেলে শাকিব! ‘রকস্টার’ ছবির গানে চমক

বিএনএন ডেস্ক

অ্যানিমেটেড টিজার ও ভিডিও টিজারের পর অবশেষে মুক্তি পেল আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া ‘রকস্টার’ চলচ্চিত্রের প্রথম গান ‘পিরিতি’। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী সন্ধ্যায় গানটি প্রকাশিত হয়। গানটিতে কারাগারের দৃশ্যপট দেখানো হয়েছে। গানটি প্রকাশের সময় 'ভালোবাসার গল্পগুলো প্রেম আর বিরহের গভীর অনুভূতির মিশেলে তৈরি' - এমন ক্যাপশন যোগ করা হয়।
‘পিরিতি’ গানে শাকিব খানকে বেশ বিপর্যস্ত অবস্থায় দেখা গেছে। তবে তিনি কেন কারাগারে গেলেন, সেই রহস্য অবশ্য উন্মোচন করা হয়নি।

‘পিরিতি’ গানটির কথা লিখেছেন হাসান রোবায়েত, এর সুর দিয়েছেন আহমেদ হাসান সানি এবং সংগীতায়োজন করেছেন জাহিদ নিরব। গানটি পরিবেশনের পাশাপাশি পর্দায়ও দেখা গেছে পান্থ কানাইকে।

‘রকস্টার’ ছবিতে শাকিব খানকে কোনো গ্যাংস্টার বা অ্যাকশন হিরোর ভূমিকায় নয়, বরং একজন পেশাদার সঙ্গীতশিল্পীর চরিত্রে দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে তিনি নিজের ওজন কমিয়েছেন এবং চেহারায় বড় ধরনের পরিবর্তনও এনেছেন। গত ৫ মে ছবিটির প্রথম টিজার প্রকাশের পর ‘রকস্টার’ হিসেবে শাকিব খানের ভিন্নধর্মী রূপ দর্শক ও ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। দেশ এবং বিদেশের বিভিন্ন প্ল্যাটফর্মে টিজারটি ট্রেন্ডিং হয়ে উঠেছিল।

ছবিটির বেশিরভাগ গানের কথা ও সুর সৃষ্টি করেছেন আহমেদ হাসান সানি। তিনি এই গানগুলোতে কণ্ঠও দিয়েছেন। এছাড়াও রাজীব হাসান, হাসান রোবায়েত এবং অংকনের লেখা গানও রয়েছে। গানগুলোর সংগীত পরিচালক জাহিদ নিরব। অঞ্জন চৌধুরী নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ছবিটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া যৌথভাবে ছবিটির সংলাপ লিখেছেন।

চরকি-তে শাকিবের ‘রকস্টার’ সিনেমা

আজমান রুশোর গল্পে নির্মিত এই ছবিতে একজন সঙ্গীতশিল্পীর জীবনের সংগ্রাম, উত্থান-পতন এবং বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরা হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। আজমান রুশো উল্লেখ করেছেন যে, তিনি নিজেও নির্মাণের জগতে আসার আগে সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের জীবনের এবং বাস্তব জীবনের রকস্টারদের নানা অভিজ্ঞতার সমন্বয়ে তিনি এই গল্পটি তৈরি করেছেন।

‘রকস্টার’ ছবিটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার হিসেবে থাকছে চরকি। ছবিটির অফিসিয়াল মিউজিক পার্টনার হয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। ‘রকস্টার’ সিনেমার সমস্ত গান এসভিএফ মিউজিক, চরকি এবং বিলিং মিউজিকের অফিসিয়াল চ্যানেলে প্রকাশিত হবে।


সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।

ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com