বিএনএন ডেস্ক
কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের মাঝেরপাড়ায় গত সোমবার শেষ রাতে এক দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে। চকরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান প্রয়াত আবু তাহের সিকদারের বাড়িতে এই ঘটনা ঘটে। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে একদল সশস্ত্র ডাকাত কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আবু তাহের সিকদারের ছেলে কামরুল সিকদারকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে এবং আলমারির চাবি ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী কামরুল সিকদার জানান, ডাকাতরা আলমারি থেকে প্রায় সাড়ে সাত ভরি স্বর্ণের গয়না এবং ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে গেছে। ডাকাতির সময় পরিবারের সদস্যরা চিৎকার করলে তারা কামরুলের মা ও স্ত্রীকে মারধর করে। ভোর ৪টার দিকে ডাকাত দলটি চলে গেলে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। তিনি আরও জানান যে, লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com