১২ মে ২০২৬
preview
মদনপুর আলোর পাঠশালায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব মা দিবস

বিএনএন ডেস্ক

মদনপুর আলোর পাঠশালায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসাহের সঙ্গে বিশ্ব মা দিবস পালন করা হয়েছে। দিনটি উদযাপনে বিদ্যালয়ে বিশেষ আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা মায়ের প্রতি তাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে নবম শ্রেণির ছাত্র মো. সাহিন বলে, মায়ের অশেষ ত্যাগের কারণেই সে পৃথিবীর আলো দেখতে পেয়েছে। তাই সে আজীবন মায়ের কথা মেনে চলার এবং তাকে কখনোই দুঃখ না দেওয়ার অঙ্গীকার করে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আল-আমিন দিবসটির গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, প্রতি বছরের ১০ মে বিশ্ব মা দিবস পালিত হয় মাকে সম্মান জানানোর জন্য। তিনি শিক্ষার্থীদের মনে করিয়ে দেন যে, মায়ের ঋণের কোনো শেষ নেই এবং তাদের সর্বদা মায়ের প্রতি যত্নশীল ও শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।

প্রধান শিক্ষক আকতার হোসেন তার বক্তব্যে উল্লেখ করেন যে, মায়ের তুলনা কেবল মা নিজেই। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে মা-বাবার সেবায় মনোনিবেশ করার পরামর্শ দেন এবং এমন আচরণ করতে বলেন যাতে তারা সবসময় সন্তুষ্ট থাকেন ও সন্তানদের জন্য প্রাণভরে দোয়া করেন।

তিনি আরও বলেন, সন্তানের জীবনে মায়ের ভূমিকা অতুলনীয়। গর্ভধারণ থেকে শুরু করে লালন-পালন পর্যন্ত মায়ের যে আত্মত্যাগ, তা পৃথিবীর আর কেউ করতে পারে না। তাই শিক্ষার্থীদের উচিত এখন থেকেই ঘরের কাজে মাকে সাহায্য করা এবং তার সেবা করে দোয়া নেওয়া, যা দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য সবচেয়ে বেশি জরুরি।


সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।

ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com