বিএনএন ডেস্ক
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও নতুন উদ্ভাবনের ওপর অধিক গুরুত্বারোপ করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে 'ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্সি' শীর্ষক কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, আন্তর্জাতিক মানের র্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স ও ন্যানো টেকনোলজির মতো উন্নত প্রযুক্তি একদিকে যেমন চ্যালেঞ্জ তৈরি করছে, অন্যদিকে নতুন সম্ভাবনার পথও খুলে দিচ্ছে। তাই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে পাঠ্যবইয়ের বাইরে উদ্ভাবনী গবেষণায় মনোযোগ দেওয়া জরুরি।
তারেক রহমান বলেন, কেবল সার্টিফিকেট অর্জন বা মুখস্থ বিদ্যার ওপর নির্ভর করে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। উচ্চশিক্ষিত হয়েও বেকার থাকার প্রধান কারণ হলো কর্মমুখী দক্ষতার অভাব। এই সমস্যা সমাধানে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পুরো শিক্ষাক্রমকে ঢেলে সাজানো এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার ইন্টার্নশিপ ও শিল্প-প্রতিষ্ঠানের সাথে একাডেমিক সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই যেন উদ্যোক্তা তৈরি হয়, সেজন্য ইনোভেশন গ্র্যান্ট বা সিড ফান্ডিং প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া স্কুল পর্যায় থেকে কারিগরি ও ব্যবহারিক শিক্ষাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
ব্রিটিশ লেখক টম উইনের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী আইডিয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি উদাহরণ দেন যে, উবার বা ফেসবুকের মতো বড় প্রতিষ্ঠানগুলো তাদের উদ্ভাবনী শক্তির মাধ্যমেই বিশ্ব শাসন করছে। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নে সরকারি বরাদ্দের সাথে সাথে বিত্তবান অ্যালামনাইদের এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার মান বাড়াতে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত প্রাক্তনী বা অ্যালামনাইদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে শিক্ষামন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিশেষে প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com