১২ মে ২০২৬
preview
এসএসসি ২০২৬: হিসাববিজ্ঞানের ৮টি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও তার সমাধান

বিএনএন ডেস্ক

হিসাববিজ্ঞান: জরুরি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

প্রশ্ন: মূলধনজাতীয় লেনদেন বলতে কী বোঝায়? উদাহরণসহ ব্যাখ্যা করো।
উত্তর: 
যে সব লেনদেন থেকে দীর্ঘ সময়ের জন্য (এক বছরের বেশি) সুবিধা পাওয়া যায়, যেগুলোর টাকার পরিমাণ সাধারণত বড় এবং যা সচরাচর ঘটে না, তাকে মূলধনজাতীয় লেনদেন বলে।
উদাহরণ: ব্যবসায়ের জন্য জমি কেনা, আসবাবপত্র ক্রয় অথবা কারবারে মূলধন বিনিয়োগ।

প্রশ্ন: বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় কী?
উত্তর: 
কিছু মুনাফাজাতীয় ব্যয় আছে যা থেকে একাধিক হিসাব বছরে সুবিধা পাওয়া যায়, এদেরকে বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় বলে। এই ব্যয়ের সুবিধা যেহেতু দীর্ঘকাল পাওয়া যায়, তাই এর চলতি বছরের অংশটুকু খরচ হিসেবে এবং বাকি অংশটুকু সাময়িকভাবে মূলধনজাতীয় ব্যয়ের মতো গণ্য করা হয়।

প্রশ্ন: মুনাফাজাতীয় প্রদান বলতে কী বোঝানো হয়?
উত্তর: 
ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য যেসব নিয়মিত খরচ করা হয় এবং যেগুলোর উপযোগিতা খুব দ্রুত শেষ হয়ে যায়, তাকে মুনাফাজাতীয় প্রদান বলা হয়। যদিও মুনাফাজাতীয় ব্যয় ও প্রদান শুনতে একই লাগে, তবে মুনাফাজাতীয় ব্যয় মূলত প্রদানের একটি অংশ।

প্রশ্ন: মূলধনজাতীয় ব্যয় কী? উদাহরণ দাও।
উত্তর: 
যেসব খরচ অনিয়মিতভাবে হয়, টাকার পরিমাণ বড় এবং দীর্ঘমেয়াদি সুবিধা প্রদান করে, তাকে মূলধনজাতীয় ব্যয় বলা হয়। যেমন: স্থায়ী সম্পদ ক্রয়, আমদানির শুল্ক বা পরিবহন খরচ।

প্রশ্ন: মুনাফাজাতীয় লেনদেন কাকে বলে?
উত্তর: 
যেসব লেনদেন থেকে খুব অল্প সময়ের জন্য সুবিধা পাওয়া যায় এবং যা নিয়মিত বা বারবার ঘটে, তাকে মুনাফাজাতীয় লেনদেন বলে। যেমন: কর্মচারীদের বেতন দেওয়া, দোকান ভাড়া বা পণ্য বিক্রয়লব্ধ অর্থ।

প্রশ্ন: মূলধনজাতীয় প্রাপ্তি বলতে কী বোঝায়?
উত্তর: 
যে অর্থ অনিয়মিতভাবে পাওয়া যায়, যা দীর্ঘমেয়াদে ব্যবহার করা যায় এবং যার পরিমাণ বড়, তাকে মূলধনজাতীয় প্রাপ্তি বলে। যেমন: ব্যাংক ঋণ গ্রহণ কিংবা পুরাতন যন্ত্রপাতি বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ।

প্রশ্ন: মুনাফাজাতীয় আয় কাকে বলে?
উত্তর: 
মুনাফাজাতীয় প্রাপ্তির যে অংশটুকু শুধুমাত্র বর্তমান হিসাবকালের জন্য প্রযোজ্য, তাকেই মুনাফাজাতীয় আয় বলা হয়। সব প্রাপ্তিই আয় নয়। যেমন: চলতি বছরে মোট প্রাপ্ত ভাড়ার মধ্যে যদি আগামী বছরের অগ্রিম থাকে, তবে তা বাদ দিয়ে বর্তমান বছরের অংশটুকুই মুনাফাজাতীয় আয়।

প্রশ্ন: মূলধনজাতীয় ও মুনাফাজাতীয় লেনদেনের মধ্যে দুটি তফাৎ লেখো।
উত্তর: 
নিচে এই দুই প্রকার লেনদেনের দুটি মৌলিক পার্থক্য তুলে ধরা হলো:
মূলধনজাতীয় লেনদেন:
১. এটি দীর্ঘমেয়াদি সুবিধা দেয়।
২. এতে টাকার অংক সাধারণত বড় থাকে।
মুনাফাজাতীয় লেনদেন:
১. এটি স্বল্পমেয়াদি সুবিধা প্রদান করে।
২. এতে টাকার অংক তুলনামূলকভাবে ছোট হয়।

  • মুহাম্মদ আলী, জ্যেষ্ঠ শিক্ষক
    মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা


সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।

ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com