১২ মে ২০২৬
preview
২৬ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

বিএনএন ডেস্ক

মৃত্যুদণ্ড থেকে বাঁচতে দীর্ঘ ২৬ বছর ধরে পালিয়ে থাকার পর অবশেষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার একটি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে র‍্যাবের সহায়তায় রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম কালাম মিয়া (৪৬)। তিনি পাকুন্দিয়া উপজেলার চরলক্ষীয়া গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৬ বছর ধরে ধরাছোঁয়ার বাইরে থাকা এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের জন্য এটি একটি উল্লেখযোগ্য সাফল্য বলে তিনি মন্তব্য করেন।

পুলিশি তথ্যমতে, ২০০১ সালে একই এলাকার সমবয়সী সোহেল মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেন কালাম। ওই ঘটনায় সোহেলের বাবা জসীম উদ্দিন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১০ সালে আদালত এই মামলায় কালামকে ফাঁসির আদেশ দেন। তবে হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আত্মগোপনে চলে গিয়েছিলেন।

সম্প্রতি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ও পলাতক এই আসামির বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর প্রেক্ষিতে র‍্যাবের সহযোগিতায় গতকাল রাত তিনটার দিকে পাকুন্দিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।

ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com