১২ মে ২০২৬


বিশ্বকাপের জন্য স্কুল ছুটির মেয়াদ কমানোর সিদ্ধান্ত থেকে সরে এলো মেক্সিকো
বিএনএন ডেস্ক
অভিভাবকদের তীব্র ক্ষোভ এবং বিভিন্ন মহলের আপত্তির মুখে বিশ্বকাপের সময় স্কুল ছুটির সূচি পরিবর্তনের পরিকল্পনা বাতিল করেছে মেক্সিকো সরকার।
শিক্ষাসচিব মারিও ডেলগাডো স্কুল ৪০ দিন আগে ছুটি দেওয়ার ঘোষণা দিলে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাম বিষয়টি পর্যালোচনার নির্দেশ দেন এবং অভিভাবকদের সাথে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগের সূচি অনুযায়ী আগামী ১৫ জুলাই পর্যন্ত ক্লাস চলবে এবং ৩১ আগস্ট থেকে পুনরায় নতুন শিক্ষাবর্ষ শুরু হবে।
প্রেসিডেন্ট শিনবাম বলেন, পূর্বের নিয়ম অনুযায়ী ছয় সপ্তাহের ছুটি বহাল রাখাই আমাদের লক্ষ্য, যাতে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত না হয়।
তিনি আরও বলেন, সবার সাথে আলোচনা করে একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানোই ছিল আমাদের প্রধান উদ্দেশ্য।
এর আগে গত শুক্রবার শিক্ষাসচিব মারিও ডেলগাডো অতিরিক্ত গরম ও বিশ্বকাপের কথা উল্লেখ করে আকস্মিকভাবে ৫ জুন স্কুল বন্ধের ঘোষণা দিয়েছিলেন।
সরকারের এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে বাতিলের আগেই মেক্সিকোর অন্তত দুটি রাজ্য এটি সরাসরি প্রত্যাখ্যান করেছিল।
অভিভাবকরা এই পদক্ষেপের বিরোধিতা করে বলেন যে, হুট করে স্কুল বন্ধ করে দিলে শিক্ষার্থীরা পড়াশোনায় অনেক পিছিয়ে পড়বে।
'মেক্সিকো ইভালুয়া' নামক একটি গবেষণা সংস্থার রিপোর্ট অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে প্রায় ২ কোটি ৩৪ লাখ শিক্ষার্থীর কার্যকর শিখনের সময় উল্লেখযোগ্যভাবে কমে যেত।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার সাথে যৌথ আয়োজনে আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে।
প্রেসিডেন্ট শিনবাম আসর চলাকালীন পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্বকাপের আগেই আজটেকা স্টেডিয়াম ও মেক্সিকো সিটি বিমানবন্দরের উন্নয়নকাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তথ্যসূত্র: আল-জাজিরা

সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com