বিএনএন ডেস্ক
দুই দশকের আগের দক্ষিণি সিনেমা মানেই এক অমলিন নস্টালজিয়া, আর সেই সময়ের পর্দার অন্যতম উজ্জ্বল নাম রীমা সেন। তামিল ও তেলুগু সিনেমার দর্শকদের চোখে 'পাশের বাড়ির মেয়ে' হয়ে জায়গা করে নেওয়া এই নায়িকা আজ যেন এক রহস্যময় আড়ালে। খ্যাতির চূড়ায় পৌঁছেও কেন তিনি হঠাৎ সিনেমা জগত থেকে নিজেকে গুটিয়ে নিলেন, সেই অজানাই রয়ে গেছে অনেকের কাছে।
কলকাতার মেয়ে রীমার ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে। নব্বইয়ের দশকের শেষভাগে জনপ্রিয় মিউজিক ভিডিওগুলোতে তাঁর প্রাণবন্ত উপস্থিতি তাঁকে দ্রুত জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। নির্মাতাদের নজর কাড়তে সময় লাগেনি, আর এভাবেই তিনি পা রাখেন রুপালি পর্দার জগতে।

২০০০ সালে ‘চিত্রাম’ ছবি দিয়ে তেলেগু সিনেমায় অভিষেক ঘটলেও, ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিনালে’ ছবিটি তাঁকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। আর মাধবনের বিপরীতে তাঁর অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করে।
‘ভাসেগারা’ গানের কথা মনে পড়লেই আজও চোখের সামনে ভেসে ওঠে রীমার সেই সহজ–সরল হাসি আর চঞ্চল অভিব্যক্তি। কলেজপড়ুয়া তরুণীর রোমান্টিক ভাবমূর্তিতে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তাঁর সেই সহজাত অভিনয়ের জাদু আজও বহু ভক্তের স্মৃতিতে সতেজ হয়ে আছে।

তামিল ও তেলেগু চলচ্চিত্রে একের পর এক সফল ছবির পর তিনি নিজেকে ভাঙতে শুরু করেন। বাণিজ্যিক ধারার বাইরে গিয়ে সাহসী কিংবা নেতিবাচক চরিত্রেও তিনি ছিলেন সাবলীল। এমনকি বলিউডের গণ্ডি পেরিয়ে ২০১২ সালে ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এ তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে। আশ্চর্যজনকভাবে, এই ছবিটিই ছিল তাঁর ক্যারিয়ারের শেষ কাজ।
ক্যারিয়ার যখন তুঙ্গে, ঠিক তখনই ব্যক্তিগত জীবনের টানে তিনি সরে আসার সিদ্ধান্ত নেন। ২০১২ সালে ব্যবসায়ী শিব করণ সিংয়ের সঙ্গে বিয়ের পর, মা হওয়ার সাথে সাথেই তিনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই চিরতরে বিদায় জানান বিনোদন জগতকে।
অনেকেই অপেক্ষায় ছিলেন তাঁর কামব্যাকের, কিন্তু রীমা নিজের সিদ্ধান্তে অবিচল। ক্যারিয়ারের চেয়ে পরিবার ও সন্তানকে বেশি গুরুত্ব দিয়ে তিনি লাইমলাইটের আড়াল বেছে নিয়েছেন। সোশ্যাল মিডিয়া কিংবা জনসমক্ষে তাঁর দেখা মেলে কালেভদ্রে।
তবে আড়ালে থেকেও রীমার জনপ্রিয়তা কমেনি বিন্দুমাত্র। আজও দক্ষিণি সিনেমার সোনালি দিনের কথা উঠলেই দর্শকদের আলাপচারিতায় ফিরে আসে এই অভিনেত্রীর নাম।
ইন্ডিয়ান এক্সপ্রেসের সৌজন্যে
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com