বিএনএন ডেস্ক
অদ্ভুত ও দৃষ্টিনন্দন সব পোশাক পরে তারকাদের লালগালিচায় আসার ঘটনা নতুন নয়। সম্প্রতি নাইজেরিয়ার রিয়েলিটি শো তারকা কুইন মার্সি আটাং তেমনই এক চমকপ্রদ পোশাক পরে 'আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস' (এএমভিসিএ) অনুষ্ঠানে উপস্থিত হন।
নাইজেরিয়ার লাগোসে আয়োজিত এএমভিসিএর এই দ্বাদশ আসরটি আফ্রিকার চলচ্চিত্র ও ফ্যাশন দুনিয়ার অন্যতম প্রধান অনুষ্ঠান হিসেবে পরিচিত।
অনুষ্ঠানের লালগালিচায় কুইন মার্সি আটাং হাজির হয়েছিলেন ৫০০টিরও বেশি আস্ত পাউরুটি দিয়ে বানানো পোশাক পরিহিত অবস্থায়। এমন ভিন্নধর্মী সাজে তিনি সবার নজর কাড়লেও চলাফেরায় বেশ সমস্যার সম্মুখীন হন। সহকারী ছাড়া তাঁর পক্ষে স্বাভাবিকভাবে হাঁটাচলা করা কঠিন হয়ে পড়েছিল।
বিবিসির সাথে আলাপকালে আটাং জানান, এটি নিছক কাউকে অবাক করার জন্য ছিল না, বরং নিজের বেকারি ব্যবসার প্রচারণার কৌশল হিসেবে তিনি এমনটি করেছেন। তিনি বলেন, প্রচারের জন্য এএমভিসিএ-র চেয়ে বড় মঞ্চ আর কী হতে পারে?
খ্যাতনামা ডিজাইনার টয়িন লওয়ান আটাংয়ের এই পোশাকটি তৈরি করেছেন। ইনস্টাগ্রামে এক প্রতিক্রিয়ায় তিনি উল্লেখ করেন যে, আটাং নিজের ব্যবসাকে পোশাকের মাধ্যমে তুলে ধরার এক নতুন ট্রেন্ড তৈরি করলেন।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। কেউ কেউ এটিকে ব্যবসায়িক সৃজনশীলতা বললেও, অনেক ভক্তই খাবারের অপচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও আটাং সেই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com