বিএনএন ডেস্ক
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের ডিএনডি ক্যানাল থেকে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ক্যানালে দুটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে।
মৃত কিশোরেরা হলো সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি ভূঁইয়াপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে মনিরুল (১৫) এবং ৬ নম্বর ওয়ার্ডের মুন লাইট এলাকার মিজান সিকদারের ছেলে শুভ (১৫)। তারা একটি মাদ্রাসার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ এবং কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, গত সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকার ডিএনডি ক্যানালে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমেছিল মনিরুল ও শুভ। একপর্যায়ে তারা দুজনেই পানিতে তলিয়ে যায়। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো খোঁজ পাননি। মঙ্গলবার ভোরে ক্যানালের পানিতে দুই কিশোরের মৃতদেহ ভেসে উঠলে পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুম বিল্লাহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং মৃতদেহ দুটি উদ্ধার করেন। ঘটনাস্থলে সুরতহাল প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের আবেদনের ভিত্তিতে স্বজনদের কাছে মৃতদেহগুলো হস্তান্তর করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করে জানান যে, সাঁতার না জানার কারণেই ক্যানালের পানিতে ডুবে ওই দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com