১২ মে ২০২৬
preview
সর্বদা মায়ের সেবায় ব্রতী থাকতে হবে

বিএনএন ডেস্ক

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে কবি ও কথাসাহিত্যিক আনিসুল হকের কালজয়ী উপন্যাস ‘মা’ নিয়ে একটি পাঠচক্রের আয়োজন করেছে ময়মনসিংহ বন্ধুসভা। এটি ১০ মে সকালে অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীতের প্রথম চার লাইন গাওয়ার মাধ্যমে বন্ধুরা পাঠচক্রের সূচনা করেন। সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ খালিদ হাসান।

পাঠ আলোচনায় সহসাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন বলেন, ‘আনিসুল হকের “মা” উপন্যাসটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে বাস্তব কাহিনি অবলম্বনে রচিত। একজন আদর্শবান ও ইস্পাতদৃঢ় আত্মমর্যাদাবান মাকে কেন্দ্র করে এ উপন্যাসের কাহিনি পরিণতি লাভ করেছে। আর সেই মা হলেন রত্নগর্ভা শহীদ আজাদের জননী। আমাদের দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অসংখ্য মর্মস্পর্শী, হৃদয়বিদারক ঘটনা রচিত হয়েছে। তেমনই একটি ঘটনা হচ্ছে শহীদ আজাদ ও তাঁর মায়ের ঘটনা।’

বন্ধু রুপা চন্দ্র বলেন, ‘মা’ বইটি পড়ে চোখের জল ঝরেনি এমন পাঠক বিরল। নিজের অজান্তেই চোখের কোণে অশ্রু জমা হওয়ার মতো অনুভূতিময় উপন্যাস এটি।

কার্যনির্বাহী সদস্য সরকার সাদমান বলেন, কথাসাহিত্যিক আনিসুল হকের ‘মা’ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বাংলা সাহিত্যের এক অমর উপন্যাস।

উপদেষ্টা মোস্তাফিজুর রহমান বলেন, ‘শুধু মা দিবসেই মাকে স্মরণ করলে চলবে না। সামগ্রিক সব অবস্থায় মায়ের সেবায় নিবেদিত থাকতে হবে; তবেই আমরা প্রকৃত মানুষ হতে পারব।’

শেষে উপস্থিত বন্ধুদের প্রত্যেকের মাকে ফোন কলের মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি মেহেদী হাসান, সহসাংগঠনিক সম্পাদক উজ্জ্বল মিয়া, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক তৃণা কবির, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ফারদিন হাসান ও বন্ধু রিয়াজুল ইসলাম।

সভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা


সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।

ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com