১১ মে ২০২৬
preview
ভারতের রাজ্যগুলোর পরিবর্তনে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো আঁচ পড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএন ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ভারতের কোনো অঙ্গরাজ্যে সরকার বদল হলেও তা দুই দেশের সম্পর্ক বা পররাষ্ট্রনীতিতে কোনো প্রভাব ফেলবে না। তিনি স্পষ্ট করেছেন যে, বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক মূলত ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে।

সোমবার সচিবালয়ে লবণচাষিদের জীবনমান উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিও দেওয়া হয়।

পশ্চিমবঙ্গে নির্বাচনের পরের পরিস্থিতি ও সীমান্ত সুরক্ষা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, ভারতের কোনো রাজ্যের অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্ত বা কাঁটাতার তৈরির বিষয়টি তাদের নিজস্ব বিষয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্ক সার্বভৌম সমতার ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের সাথে পরিচালিত হয়। তাই রাজ্য পর্যায়ের রাজনৈতিক পালাবদলে সম্পর্কের কোনো হেরফের হবে না। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে এবং শান্তি বজায় রাখতে বিজিবি সার্বক্ষণিক নজরদারি করছে।

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে সংখ্যালঘু নির্যাতনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু মহল পুরোনো বা ভুয়া ভিডিও ব্যবহার করে উসকানিমূলক প্রচারণা চালাচ্ছে। এখন পর্যন্ত স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এমন কোনো তথ্য নেই যা বাংলাদেশে প্রভাব ফেলতে পারে। তিনি জনগণকে এসব গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

লবণশিল্পের বিষয়ে মন্ত্রী বলেন, এই শিল্পকে স্বয়ংসম্পূর্ণ করতে এবং চাষিদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে লবণের ন্যায্যমূল্য নির্ধারণের পরিকল্পনা করছে।

তিনি জানান, চাষিরা যাতে তাদের শ্রমের যথাযথ মূল্য পান, তা নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয় উৎপাদন খরচ পর্যালোচনা করছে। এছাড়া ভোজ্য ও শিল্প লবণের চাহিদা যাচাই করে আমদানির প্রয়োজনীয়তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এমন পদক্ষেপ নেওয়া হবে যাতে চাষিরা ক্ষতিগ্রস্ত না হন এবং দেশ লবণে স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতে পারে।


সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।

ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com