১১ মে ২০২৬
preview
পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে দুর্নীতি মামলায় আটক করলো ইডি

বিএনএন ডেস্ক

ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসুকে গ্রেপ্তার করেছে। পৌরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও তদন্তে অসহযোগিতার অভিযোগে সোমবার রাত সওয়া নয়টা নাগাদ তাঁকে আটক করা হয়।

ইডি সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ১০টার দিকে সুজিত বসু তাঁর ছেলে এবং আইনজীবীর সাথে কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অবস্থিত ইডির কার্যালয়ে উপস্থিত হন। সেখানে তাঁকে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ধরে জেরা করা হয়।

ইডি কর্মকর্তারা অভিযোগ করেছেন যে, জিজ্ঞাসাবাদের সময় তিনি তদন্তে কোনো সহযোগিতা করেননি এবং অনেক প্রশ্নের অপ্রাসঙ্গিক উত্তর দিয়েছেন। এর ফলস্বরূপ, তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

কলকাতার লেকটাউন অঞ্চলের একজন প্রভাবশালী তৃণমূল নেতা হলেন সুজিত বসু, যিনি রাজ্যের প্রাক্তন ফায়ার সার্ভিস মন্ত্রী ছিলেন। বিগত বিধানসভা নির্বাচনে তিনি বিধাননগর আসন থেকে তৃণমূলের প্রার্থী হয়ে পরাজিত হন।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি পৌরসভায় কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতিতে জড়িত ছিলেন।

তবে সুজিত বসু দাবি করেছেন যে, এই মামলায় সিবিআইয়ের দাখিল করা অভিযোগপত্রে তাঁর নাম নেই। তা সত্ত্বেও, ইডির নোটিশ পেয়ে আজ তিনি তাদের দপ্তরে উপস্থিত হয়েছিলেন। এর আগে, এই দুর্নীতি মামলার তদন্তের অংশ হিসেবে ইডি সুজিত বসুর বাসভবন, কার্যালয় এবং তাঁর রেস্তোরাঁ (ধাবা)-এ তল্লাশি অভিযান চালিয়েছিল।


সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।

ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com