বিএনএন ডেস্ক
লালমনিরহাট সদরের দুর্গম চর হরিণচওড়া মাঝেরচরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গত মার্চ মাসে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল রংপুর বন্ধুসভা। এই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের জন্য ১১ মে সকাল ১০টায় বন্ধুসভার উদ্যোগে আলোর পাঠশালায় এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বন্ধুসভার সদস্য সাদিয়া সূচি ও মীম শিকদার আলোর পাঠশালার শিক্ষার্থীদের ক্লাস নেন। এরপর স্থানীয় অভিভাবক ও বন্ধুসভার শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার সফল অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মোট ১৩টি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী ৩৯ জন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের পুরস্কৃত করা হয়েছে। এই প্রতিযোগিতাগুলোতে শিশুদের পাশাপাশি অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। হরিণচওড়া মাঝেরচরের একজন বাসিন্দা এবং আলোর পাঠশালার একজন শিক্ষার্থীর অভিভাবক মুশফিকুল ইসলাম জানান, ‘আমি এবং আমার ছেলে দুজনেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম এবং দুজনেই বিজয়ী হয়েছি। আমরা এতে অত্যন্ত আনন্দিত। আগে ছেলেটা পড়ালেখা ছেড়ে দিয়েছিল, স্কুলে যেতে চাইতো না। এখন এখানে স্কুল হওয়ার কারণে পরিস্থিতি অনেক ভালো হয়েছে। ছেলেমেয়েরা এখন আগ্রহ নিয়ে পড়া শিখতে পারছে।’ আরেক অভিভাবক রোজিনা বেগম বলেন, ‘ছেলে পুরস্কার পাওয়ায় আমি খুব খুশি। ছেলেও বেশ আনন্দিত হয়েছে। এভাবে মাঝেমধ্যে খেলার আয়োজন করলে বাচ্চারা স্কুলে আসতে আরও বেশি উৎসাহিত হবে।’

আলোচনা সভায় আলোর পাঠশালার স্থানীয় শিক্ষক এবং বন্ধুসভার সদস্য মোরশেদুল ইসলাম অভিমত প্রকাশ করেন, ‘শিশুরা আগের চেয়ে অনেক কিছু শিখছে। যদি তারা সঠিকভাবে পড়ালেখা শিখতে পারে, তবে তারাই একদিন এই চরে উন্নতির আলোকবর্তিকা বয়ে আনবে। আমাদের স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, টেকসই অবকাঠামোসহ বহু সংকট বিদ্যমান। এই সমস্যাগুলো সমাধান করতে পারলেই আমাদের চরের জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব হবে।’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রংপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহসভাপতি মামুন হোসাইন, অর্থ সম্পাদক মীম শিকদার, কার্যনির্বাহী সদস্য মোরশেদুল ইসলাম, সদস্য সাদিয়া সূচি, আমজাদুল ইসলাম এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com