বিএনএন ডেস্ক
বিশ্বকাপের প্রাথমিক দলে সাধারণত কোনো বড় চমক থাকে না। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি যে দলটা ঘোষণা করেছেন, তাতে কিছু ছোটখাটো চমক দেখা গেছে! ২০২২ বিশ্বকাপজয়ী তারকা পাওলো দিবালা ৫৫ জনের প্রাথমিক তালিকায়ও জায়গা পাননি। অন্যদিকে, বেনফিকার তরুণ উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি কিছুটা অপ্রত্যাশিতভাবেই দলে ঢুকেছেন। ২০২৪ সালের পর থেকে জাতীয় দলে অবহেলিত দিবালার এই বাদ পড়া তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে।
এই তালিকার সবচেয়ে আলোচিত খেলোয়াড় হলেন ২০ বছর বয়সী উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি—যাঁকে নিয়ে গত কয়েক মাস ধরে অনেক বিতর্ক হয়েছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। যদিও প্রেস্তিয়ান্নি তা অস্বীকার করেছিলেন, উয়েফা তাকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল। গত সপ্তাহে ফিফা সেই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকর করায়, বিশ্বকাপের চূড়ান্ত দলে সুযোগ পেলেও তিনি প্রথম দুটি ম্যাচে (আলজেরিয়া ও অস্ট্রিয়া) খেলতে পারবেন না।

গত অক্টোবরে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠার পেছনে প্রেস্তিয়ান্নির বড় ভূমিকা ছিল। সম্ভবত এই পারফরম্যান্সই স্কালোনির মন জয়ে অবদান রেখেছে। আর দলের প্রাণভোমরা লিওনেল মেসি? ইন্টার মায়ামি অধিনায়ক এখনো চূড়ান্তভাবে কিছু না জানালেও ৫৫ জনের এই তালিকায় তার নাম থাকা মানেই আর্জেন্টাইন ভক্তদের মনে আশার প্রদীপ নতুন করে জ্বলে ওঠা।
স্কালোনির দলে নতুন করে ডাক পেয়েছেন হামবুর্গের ২৭ বছর বয়সী মিডফিল্ডার নিকোলাস কাপুলদো। হেতাফের ডিফেন্ডার জায়েদ রোমেরো এবং পারমার স্ট্রাইকার মাতেও পেলেগ্রিনোকেও প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ দিয়েছেন স্কালোনি।

ক্লাব ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খুব একটা ভালো সময় না কাটালেও আলেহান্দ্রো গারনাচো দলে জায়গা পেয়েছেন। ২১ বছর বয়সী এই তরুণের গতির ওপর স্কালোনির অগাধ বিশ্বাস রয়েছে। সাইডলাইন দিয়ে ঝড়ের বেগে আক্রমণে ওঠার জন্য গারনাচোই হতে পারেন দলের ‘এক্স ফ্যাক্টর’। চোটের কারণে কেবল বাদ পড়েছেন স্ত্রাসবুরের ফরোয়ার্ড হোয়াকিন পানিচেল্লি।
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com