১১ মে ২০২৬
preview
ইরান যুদ্ধবিরতি আলোচনা ব্যাহত হওয়ায় তেলের দাম ফের ঊর্ধ্বমুখী

বিএনএন ডেস্ক

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারো বেড়েছে, কারণ ইরান যুদ্ধ বন্ধের জন্য শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রবিবার ব্রেন্ট ক্রুডের দাম ৩.১৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪.৫০ ডলারে পৌঁছেছে। মার্কিন অপরিশোধিত তেলের দামও ৩.২১ শতাংশ বেড়ে ৯৮.৪৮ ডলারে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার শান্তি আলোচনা আবার থেমে গেছে বলে মনে হচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালীতে তেল পরিবহন কখন স্বাভাবিক হবে তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ ‘ফক্স নিউজ সানডে’-কে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের সর্বশেষ প্রস্তাবে একটি ‘স্পষ্ট লাল রেখা’ নির্ধারণ করেছে। ইরান যুক্তরাষ্ট্রের সেই প্রস্তাবে সাড়া দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কোনো শান্তি চুক্তি না হওয়ায় বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় চালু হওয়ার সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সতর্ক করেছেন যে, যেসব দেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাদের জাহাজ এই প্রণালি পারাপারের সময় ‘সমস্যার সম্মুখীন’ হবে।

এদিকে, যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর তাদের নৌ-অবরোধ বজায় রেখেছে। গত শুক্রবার অবরোধ অমান্য করার চেষ্টাকালে দুটি ইরানি পতাকাবাহী তেলবাহী ট্যাংকারে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে।

বর্তমানে অপরিশোধিত তেলের দাম যুদ্ধের আগের চেয়ে ব্যারেলপ্রতি প্রায় ২০ ডলার এবং মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় ১০ ডলার বেশি। তেলের এই চড়া দামের কারণে আমেরিকানদের বেশি খরচ হচ্ছে।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) এর তথ্য অনুসারে, দেশটিতে প্রতি গ্যালন তেলের গড় দাম এখন ৪.৫২ ডলার, যা যুদ্ধের আগে ৩ ডলারের নিচে ছিল।

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ বললেন ট্রাম্প


সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।

ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com