বিএনএন ডেস্ক
বাংলাদেশে ডেটা ট্রানজিট ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে শেষ হলো ২১তম বিডিনগ সম্মেলন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিটিআরসি জানিয়েছে যে, স্যাটেলাইট ইন্টারনেট প্রদানকারী সংস্থা স্টারলিংককে ফিল্টারহীন ডেটা সুবিধা প্রদানের বিষয়ে তারা ভাবছে। বিডিনগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, আধুনিক নেটওয়ার্ক এখন একটি নতুন ডিজিটাল জগতের সৃষ্টি করছে। যুগের সাথে তাল মেলাতে নীতিমালায় পরিবর্তনের প্রয়োজন থাকলেও সব ধরনের লাইসেন্সিং বিধিনিষেধ এখনই তুলে নেওয়া সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। এছাড়া বিজনেস প্রমোশন কাউন্সিলের পরিচালক রাজ্জাকুল ইসলাম ইন্টারনেট খাতের উন্নয়নে গবেষণা ও নিরাপত্তা বৃদ্ধির ওপর জোর দেন।
আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া বলেন, আমরা অবকাঠামোগত উন্নয়ন ও দক্ষ জনবল তৈরির উপযোগী একটি শক্তিশালী নীতিমালা প্রত্যাশা করছি। তিনি আশা প্রকাশ করেন যে, আগামীতে সরকার এই খাতের বিকাশে সহায়ক কোনো রূপরেখা প্রদান করবে।
ডিজিটাল অবকাঠামো আধুনিকায়নের লক্ষ্যে সরকারি সব ওয়েবসাইট ও ই-টেন্ডারিং প্রক্রিয়ায় আইপিভি-৬ (IPv6) বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানিয়েছে বিটিআরসি। সম্মেলনে অন্যদের মধ্যে আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম ও বিডিনগের সাধারণ সম্পাদক বরকতুল আলম বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com