বিএনএন ডেস্ক
বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্রাউজার হিসেবে গুগল ক্রোমের অবস্থান সবার উপরে। তবে সম্প্রতি এই ব্রাউজারটির বিরুদ্ধে ব্যবহারকারীদের পিসিতে গোপনে প্রায় ৪ গিগাবাইটের একটি বড় ফাইল জমা করার অভিযোগ উঠেছে। ‘weights.bin’ নামক এই ফাইলটি একবার মুছে ফেললেও স্বয়ংক্রিয়ভাবে পুনরায় ডাউনলোড হয়ে যায়, যা নিয়ে বর্তমানে প্রযুক্তি অঙ্গনে বেশ আলোচনা হচ্ছে।
কম্পিউটার বিজ্ঞানী আলেকজান্ডার হ্যানফ তার এক ব্লগ পোস্টে জানান, গুগল ক্রোম নিঃশব্দে ‘ইউজার ডেটা’ ফোল্ডারে এই বিশাল ফাইলটি ঢুকিয়ে দিচ্ছে। এই ফাইলটি মূলত গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘জেমিনি ন্যানো’ চালানোর জন্য ব্যবহৃত হয়। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ফাইলটি সরাসরি ক্ষতিকর না হলেও অনুমতি ছাড়া এত বড় ডেটা ডাউনলোড হওয়াটা বিতর্কের সৃষ্টি করেছে। বিশেষ করে যাদের পিসিতে স্টোরেজ বা জায়গার স্বল্পতা রয়েছে, তাদের জন্য এই ৪ জিবির অতিরিক্ত ফাইলটি বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সাধারণত জেমিনির মতো এআই সেবাগুলো ক্লাউড বা অনলাইন সার্ভারের মাধ্যমে কাজ করে, যার জন্য সবসময় ইন্টারনেট প্রয়োজন হয়। তবে সার্ভারে তথ্য পাঠাতে এবং সেখান থেকে উত্তর আসতে কিছুটা সময় লাগে। এই প্রক্রিয়াকে দ্রুততর করতে এবং অফলাইনে এআই ব্যবহারের সুযোগ দিতে বর্তমানে অনেক প্রতিষ্ঠান সরাসরি ডিভাইসে এআই মডেল সংরক্ষণের নীতি গ্রহণ করছে। এই ৪ জিবির ফাইলটি সেই উদ্যোগেরই একটি অংশ।
আপনার কম্পিউটারে এই ফাইলটি রয়েছে কি না তা চেক করতে প্রথমে ক্রোমের সেটিংসে প্রবেশ করুন। এরপর ‘সিস্টেম’ অপশনে গিয়ে দেখুন ‘অন-ডিভাইস এআই’ (On-device AI) মোডটি চালু আছে কি না। এটি চালু থাকলে আপনার পিসিতে ‘weights.bin’ ফাইলটি থাকতে পারে। ফাইলটি স্থায়ীভাবে ডিলিট করতে চাইলে প্রথমে ম্যানুয়ালি ফাইলটি মুছে দিন এবং এরপর ক্রোমের সিস্টেম সেটিংস থেকে এআই অপশনটি বন্ধ করে দিন। সূত্র: জেডডিনেট
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com