বিএনএন ডেস্ক
অদক্ষতা ও উৎপাদনশীলতার অভাবের কারণে বাংলাদেশ এখনও সস্তা শ্রমের অর্থনীতির বেড়াজাল থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি। শ্রমিকদের শারীরিক ও মানসিক সক্ষমতার সীমাবদ্ধতাই মূলত এই নিম্ন উৎপাদনশীলতার মূল কারণ।
আজ বৃহস্পতিবার সকালে ফার্মগেটের ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান মিলনায়তনে ‘শ্রমের পরিবেশ, মূল্যায়ন ও ভবিষ্যৎ গতিপথ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এ অভিমত ব্যক্ত করেন।
সভায় শ্রমিকদের জীবনমান উন্নয়নে সুষম খাদ্য নিশ্চিত করতে সরকারি ভর্তুকির ওপর জোর দেওয়া হয়। এছাড়া নারী শ্রমিকদের প্রতি বৈষম্য দূর করা এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে বিদ্যমান শ্রম আইনের সঠিক প্রয়োগ ও মানসিকতার পরিবর্তনের দাবি জানানো হয়।
অনুষ্ঠানে অংশ নেন সংসদ সদস্য মানসুরা আক্তার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আবদুল্লাহ, তাসলিমা আখতার (বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি), শফিকুর রহমান (ব্রেইন), অনিক রায় (নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন), আইনজীবী আবির চৌধুরী এবং সাদিয়া ফারজানা (জাতীয় নাগরিক পার্টি) প্রমুখ।
মানসুরা আক্তার এমপি বলেন, টেকসই উন্নয়নের জন্য শ্রমিকের মানবিক মর্যাদা ও ন্যায়বিচার অপরিহার্য। শ্রম আইনের বিভিন্ন সংস্কার করা হলেও তাতে শ্রমিকদের যথাযথ অংশগ্রহণ না থাকায় তা কাঙ্ক্ষিত সুফল বয়ে আনতে পারেনি।
প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী সাইয়েদ বিন আবদুল্লাহ জানান, সরকারিভাবে বিভিন্ন প্রশিক্ষণ চললেও সেগুলোর প্রভাব মূল্যায়ন করা হচ্ছে না। তিনি বলেন, শুধু আইনের মাধ্যমে শ্রমিকের অধিকার রক্ষা সম্ভব নয়, এজন্য সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। সরকার শ্রমিকদের মজুরি বৃদ্ধির পাশাপাশি খাদ্য ও চিকিৎসা সেবার মতো মৌলিক সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে।
তাসলিমা আখতার বলেন, রাষ্ট্র সংস্কারের সুযোগ তৈরি হলেও গত দেড় দশকে গড়ে ওঠা দুর্নীতি ও বিভাজনের রাজনৈতিক সংস্কৃতি এখনো শ্রমখাতে রয়ে গেছে।
ব্রেইনের নির্বাহী পরিচালক শফিকুর রহমান বলেন, দেশে উৎপাদনশীলতা কম হওয়ায় আমরা এক জটিল চক্রে আটকা পড়েছি। মজুরি বাড়ালে আন্তর্জাতিক বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়ে, আবার মজুরি কম থাকলে শ্রমিকের জীবনমান বাড়ে না। এই দুষ্টচক্র থেকে উত্তরণের একমাত্র উপায় হলো শ্রমিকের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানো।
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com