বিএনএন ডেস্ক
চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ১৭ জন পলাতক আসামির পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সেল বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আজ বুধবার এই সিদ্ধান্ত দেন। এই ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদালতে শুনানিকালে প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন উল্লেখ করেন, এই মামলায় মোট ২২ জন আসামির মধ্যে সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ মাত্র ৫ জন বর্তমানে কারাবন্দি আছেন। অন্যদিকে হাছান মাহমুদ ও নওফেলসহ ১৭ জন এখনও পলাতক। তাদের আদালতে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হলেও তারা উপস্থিত হননি। এই পরিস্থিতিতে বিচারিক প্রক্রিয়া সচল রাখতে পলাতক আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগের আবেদন জানানো হয়। আদালত আবেদনটি গ্রহণ করে আগামী ৪ জুন মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন।
এই মামলায় মোট ২২ জন আসামির বিরুদ্ধে ছয়জনকে হত্যাসহ তিনটি ভিন্ন অভিযোগ দায়ের করা হয়েছে। প্রথম অভিযোগে ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার বিষয়টি আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। আর তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার অভিযোগ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com