বিএনএন ডেস্ক
হাসপাতাল, ফার্মেসি কিংবা বাড়িতে—সবখানেই রক্তচাপ মাপার প্রচলন রয়েছে। তবে অনেকেরই অভিযোগ, একেক সময়ে মাপলে একেক রকম ফলাফল আসে। রক্তচাপ পরিমাপের সঠিক পদ্ধতি বা প্রস্তুতি না জানা থাকলে এমন ভুল হওয়া স্বাভাবিক। তাই সঠিক রিডিং পাওয়ার জন্য কিছু বিষয় মেনে চলা আবশ্যক।
• রক্তচাপ মাপার আগের ৩০ মিনিট খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে কোনো ধরনের শারীরিক কসরত করা থেকে বিরত থাকুন। এছাড়া চা, কফি, চকলেট বা অন্য কোনো ক্যাফেইনযুক্ত পানীয় গ্রহণ করবেন না। ধূমপানের অভ্যাস থাকলে এই সময়ে ধূমপান থেকে দূরে থাকুন।
• রক্তচাপ মাপতে বসার আগে অবশ্যই প্রাত্যহিক প্রাকৃতিক কাজগুলো (প্রস্রাব-পায়খানা) সেরে নিন, কারণ মূত্রাশয় পূর্ণ থাকলে রক্তচাপের মাপে তারতম্য হতে পারে।
• পরীক্ষার ঠিক পাঁচ মিনিট আগে স্থির হয়ে বসুন। চেয়ারে আরাম করে পিঠ ঠেকিয়ে বসুন এবং দুই পা মাটিতে সোজা করে রাখুন; পায়ের ওপর পা তুলে রাখা চলবে না। হাতটি টেবিলের ওপর রাখুন যেন কনুই হৃদপিণ্ডের উচ্চতায় থাকে। মাপা চলাকালীন কোনো কথা বলবেন না বা মোবাইল, টিভি কিংবা অন্য কোনো স্ক্রিনের দিকে তাকাবেন না।
• ভারী বা মোটা হাতার পোশাক পরা থাকলে হাতা গুটিয়ে নিতে হবে। আপনার সুবিধা অনুযায়ী যেকোনো হাতের বাহুতেই রক্তচাপ মাপা যায়, তবে কবজি বা আঙুলের ডিজিটাল মিটার ব্যবহার এড়িয়ে চলাই উত্তম।

• পরিমাপের সময় স্থির থাকুন এবং কোনো কথা বলা থেকে বিরত থাকুন।
• প্রথমবার মাপার এক-দুই মিনিট বিরতি দিয়ে পুনরায় দ্বিতীয়বার মেপে নিশ্চিত হয়ে নিন এবং ফলাফলের হিসাব রাখুন।
• রক্তচাপ মাপার জন্য ডিজিটাল বা অ্যানালগ—যেকোনো যন্ত্র ব্যবহার করা যেতে পারে, তবে অবশ্যই সেটির গুণগত মান সম্পর্কে নিশ্চিত হতে হবে। প্রতি বছর অন্তত একবার অভিজ্ঞ কাউকে দিয়ে যন্ত্রটি পরীক্ষা করিয়ে নিন। পাঁচ বছরের বেশি পুরোনো হয়ে গেলে যন্ত্রটি বদলে ফেলাই শ্রেয়।
তথ্যসূত্র: আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ও জনস হপকিনস হেলথ কেয়ার
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com