১৩ মে ২০২৬


আত্মঘাতী গোলে শিরোপা উৎসবে বাধা, অপেক্ষায় রোনালদোর আল-নাসর
বিএনএন ডেস্ক
ইনজুরি টাইমে গোলরক্ষক বেন্টোর আত্মঘাতী গোলে জয় হাতছাড়া হওয়ায় সাত বছর পর লিগ শিরোপা জয়ের উৎসব আটকে গেল ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দল আল-নাসরের।
মঙ্গলবার হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে ছিল রিয়াদভিত্তিক ক্লাবটি। তবে শেষ মুহূর্তে বেন্টোর ভুলে বল নিজেদের জালেই জড়িয়ে যায়।
এই ম্যাচে জিতলেই আল-নাসরের জন্য নিশ্চিত হতো ১১তম লিগ শিরোপা, যা ২০২৩ সালের জানুয়ারিতে যোগ দেওয়ার পর পর্তুগিজ সুপারস্টারের জন্য হতো প্রথম কোনো লিগ ট্রফি।
৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-নাসর, অন্যদিকে ৩২ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল হিলাল। শেষ মুহূর্তে গোল হজমের পর ডাগআউটে রোনালদোকে বেশ হতাশ দেখাচ্ছিল।
২০২২ কাতার বিশ্বকাপের পর ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রেকর্ড গড়ে যোগ দিলেও এখন পর্যন্ত আল-নাসরের হয়ে কোনো ঘরোয়া লিগ শিরোপা জেতা হয়নি ৪১ বছর বয়সী এই মহাতারকার।
আল-নাসর সর্বশেষ ২০১৯ সালে লিগ শিরোপা জিতেছিল, আর ২০২৪ সালের চ্যাম্পিয়ন আল হিলাল।
শিরোপা জয়ের প্রত্যাশায় স্টেডিয়ামের গ্যালারি হলুদ রঙে রাঙিয়ে দিতে ম্যাচের শুরুতেই দর্শকদের ফ্রি জার্সি দেওয়া হয়েছিল।
শেষ ম্যাচে ১৫তম স্থানে থাকা দামাকের বিপক্ষে বড় কোনো অঘটন না ঘটলে, আগামী ২১ মে শিরোপা জেতার দৌড়ে এগিয়ে থাকবে আল-নাসরই।
ম্যাচ শেষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ৭৭ কোটিরও বেশি অনুসারীর উদ্দেশ্যে রোনালদো লিখেছেন, 'স্বপ্ন এখন হাতের নাগালে।'
তথ্যসূত্র: আল-জাজিরা

সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com