১৩ মে ২০২৬
preview
ফেনীতে নির্মাণাধীন ভবনের বালু খুঁড়ে নারীর মরদেহ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

বিএনএন ডেস্ক

ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের চোছনা গ্রামে একটি নির্মাণাধীন বাড়ির ভেতর বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত রিনা বেগম (৪০) ওই এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ মানিকের স্ত্রী। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রিনা বেগম নিজের নির্মাণাধীন বাড়িটি তদারকি করতে গতকাল দুপুরে সেখানে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সন্ধ্যার পর স্বজনরা খোঁজাখুঁজি করে রাতে এক ছেলে ভবনের মেঝেতে বালু ছড়ানো দেখে সন্দেহ করেন। পরে বালু সরিয়ে মায়ের নিথর দেহ উদ্ধার করা হয়। ছেলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।

প্রতিবেশী মো. রাসেল জানান, ওইদিন ভবনে একজন শ্রমিক একাই কাজ করছিলেন, ঘটনার পর থেকেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই শ্রমিকই রিনা বেগমকে হত্যার পর বালুচাপা দিয়ে পালিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে গলায় আঙুলের ছাপ পাওয়া গেছে, যা শ্বাসরোধ করে হত্যার ইঙ্গিত দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযুক্ত শ্রমিককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।


সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।

ফোন : +88 01919237299, +8801640754545, ই-মেইল: princesalehbd@gmail.com