খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

লোকে বলে, পিতার ছায়া ছাড়া বড় হওয়া যেন তপ্ত রোদে ছাতাহীন একলা পথ চলা। ছোটবেলায় যখন বাবা হারিয়ে গেলেন, চারদিকের সবকিছু কেমন জানি দিশেহারা মনে হচ্ছিল। সেই চরম সংকটে মা আমাদের জন্য এক সুউচ্চ অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিলেন। আজ যখন আমি স্নাতক প্রথম বর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে নতুন আগামীর স্বপ্ন দেখি, তখন জীবনের প্রতিটি পাতায় মায়ের সেই নিঃশব্দ লড়াইয়ের মহাকাব্য খুঁজে পাই।
বাবার চলে যাওয়ার পর মা এক হাতে যেমন শাসনের কঠোরতা বজায় রেখেছেন, অন্য হাতে বিলিয়েছেন পরম মমতা। সমাজের নানা সীমাবদ্ধতা আর প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি আমাকে কখনো বুঝতে দেননি যে মাথার ওপর বাবার ছায়া নেই। মা আমাকে শিখিয়েছেন—বাবার অনুপস্থিতি মানেই জীবনের পথ চলা থেমে যাওয়া নয়। তিনি আমাকে দিয়েছেন ডানা মেলে ওড়ার পূর্ণ স্বাধীনতা। আমাদের সমাজে যেখানে প্রায়ই নারীদের ইচ্ছার পায়ে শিকল পরানো হয়, সেখানে মা আমাকে নিজের স্বপ্নকে ভালোবাসতে উৎসাহিত করেছেন।
আমার প্রতিটি শখ, বই পড়ার নেশা কিংবা সৃজনশীল কাজের প্রতিটি পদক্ষেপে মা পাশে ছিলেন ছায়ার মতো। তিনি আমাকে কখনো অযোগ্য ভাবেননি, বরং সাহস দিয়ে বলেছেন ‘ভয় নেই, আমি তো আছি!’ সংসারের জাঁতাকলে হয়তো তাঁর অনেক ব্যক্তিগত স্বপ্ন হারিয়ে গেছে, কিন্তু তিনি সবসময় আমার স্বপ্নগুলোকে পূর্ণতা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন। অভাব আর দুঃখের ছাপ তিনি হাসিমুখে আড়াল করতেন শুধু আমাদের মুখে হাসি ফোটানোর জন্য।
মায়ের আত্মত্যাগের ঋণ কখনোই শোধ করা সম্ভব নয়। তবুও এই মা দিবসে সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা—মায়ের সেই জ্যোতির্ময় ও সাহসী মুখটা যেন সারা জীবন এমন অমলিন থাকে। আমি যেন আমার কাজের মাধ্যমে তাঁর আজন্ম লড়াইয়ের সার্থকতা এনে দিতে পারি। মা, তুমি আছ বলেই আমার আকাশটা আজও নীল এবং আমার পৃথিবীটা আজও নিরাপদ।
শিক্ষার্থী, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন




