খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছেন যে বিএনপি বিগত ১৭-১৮ বছর ধরে গণতন্ত্রের বুলি আউড়ে রাজনীতি করেছে, কিন্তু দলের চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় এসে গণতন্ত্রকে শ্বাসরুদ্ধ করে হত্যা করছেন। স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে প্রশাসক নিয়োগের পর তাদের মেয়র পদে ভোট চাওয়া প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ আরও বলেন, 'স্থানীয় সরকারে যাঁদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা সেই পদ থেকেই ভোট চাইছেন। সিটি করপোরেশনের প্রশাসকদের দায়িত্ব হলো নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখা, অথচ তাঁরা (প্রশাসক) পোস্টার লাগিয়ে পুরো নগরীর দেয়াল ছেয়ে ফেলেছেন। বিএনপিকে বিগত ১৭-১৮ বছর ধরে গণতন্ত্রের কথা বলতে শোনা গেছে, কিন্তু তারেক রহমান ক্ষমতায় এসে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা আগেও দাবি জানিয়েছি যে প্রশাসকদের চেয়ারে বসে নির্বাচন করা উচিত নয়। যদি তাঁরা নির্বাচনে অংশ নেন, তাহলে নির্বাচন শুরু থেকেই বিতর্কিত, একপেশে হবে এবং সেখানে কোনো নিরপেক্ষ বা সমান সুযোগ থাকবে না।'
রবিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপি প্রথম ধাপে ১০০ উপজেলা–পৌরসভায় দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে। দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত এই সংবাদ সম্মেলনে সমসাময়িক বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন আসিফ মাহমুদ।
সরকারের কাছে স্থানীয় সরকার নির্বাচনের একটি নির্দিষ্ট সময়সীমা দাবি করে আসিফ মাহমুদ বলেন, 'স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত কোনো নির্দিষ্ট রূপরেখা বর্তমান সরকারের পক্ষ থেকে আমরা এখনো পাইনি।'
দেশের চলমান হাম পরিস্থিতি নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, 'দেশে হামের প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলেছে। আমরা মনে করি, এই পরিস্থিতিকে দ্রুত একটি জাতীয় সংকট হিসেবে ঘোষণা করে সরকার ও বিরোধী দল নির্বিশেষে সবাইকে এর মোকাবিলায় এগিয়ে আসা উচিত। এই মুহূর্তে কে বেশি দোষী বা কে কম দোষী—এসব নিয়ে তর্ক না করে আমাদের একসঙ্গে এই সংকট মোকাবিলা করা প্রয়োজন। হামের প্রকোপ বৃদ্ধির পেছনে কাদের অবহেলা বা অনিয়ম জড়িত, তা-ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করা দরকার।'
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। আসিফ মাহমুদ বলেন, 'বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে আমরা বারবার শুনেছি যে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে সব সমস্যার সমাধান হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আমরা বারবার শুনেছি যে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। জনগণের নিরাপত্তা নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।'
সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ অভিযোগ করেন যে সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ড হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। এটিকে উদ্বেগের বিষয় উল্লেখ করে তিনি বলেন, 'আমরা আশা করি, সরকার সীমান্ত হত্যা রোধে একটি শক্তিশালী কূটনৈতিক অবস্থান নেবে এবং ভারত সরকারের কাছে এ বিষয়ে জবাব চাইবে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে সরকার জানতে চাইবে কেন সীমান্ত হত্যা বাড়ছে।'
জাতীয় নাগরিক পার্টি দেশের নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, 'সরকার 'সবার আগে বাংলাদেশ' বলে। কিন্তু সীমান্ত হত্যার ব্যাপারে সরকার যখন কোনো কথা বলে না বা কোনো কূটনৈতিক পদক্ষেপ নেয় না, তখন আমাদের মনে হয়, 'সবার আগে বাংলাদেশ'—এটি তাদের কেবল মুখের বুলি।'
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিজয়ের পর সেখানকার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক নির্যাতনের ঘটনার নিন্দা জানান আসিফ মাহমুদ।
সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমসহ অন্যান্যরাও বক্তব্য রাখেন।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন




