খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্তব্য করেছেন যে, ভিন্নমতের সহাবস্থানই হলো প্রকৃত গণতন্ত্র। তিনি বলেন, 'আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসী, তবে দ্বিমুখী অবস্থান নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের আমরা বিরোধী। আমাদের লক্ষ্য সবাইকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী আমরা তাদের প্রত্যাশা পূরণ করতে চাই।'
রোববার বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্মাণাধীন ভবনে সংবাদকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে সদর উপজেলার হলোখানা ইউনিয়নে একটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী।
সভায় ত্রাণমন্ত্রী আক্ষেপ করে বলেন, কুড়িগ্রাম এখনো একটি অনগ্রসর জনপদ হিসেবে পরিচিত। তিস্তা নদীর প্রভাব কীভাবে একটি এলাকাকে পিছিয়ে দিতে পারে, রংপুর বিভাগ তার বড় প্রমাণ। অথচ নদীকে কেন্দ্র করে এই অঞ্চলের উন্নয়ন হওয়ার কথা ছিল।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে উক্ত সভায় স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কুড়িগ্রামকে একটি উন্নত জেলায় রূপান্তর করতে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি মনে করেন, গঠনমূলক সমালোচনা জনপ্রতিনিধিদের সঠিক পথে চলতে সাহায্য করে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এলাকার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে।
উল্লেখ্য যে, সকালে লালমনিরহাট থেকে সড়কপথে কুড়িগ্রামে পৌঁছে মন্ত্রী জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরবর্তীতে তিনি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন এবং উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন




